ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মায়ের কাছ থেকে ভরণ-পোষণের টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। তার অভিযোগ, বড় ছেলে পরিবারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পর উপপরিদর্শক (এসআই) শমসেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



