দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

বাংলা টিভি ডেস্ক: সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন।
পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) শাখায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র রয়েছেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। পাশাপাশি সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল চালু রয়েছে, যেখান থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থীর বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ এবং ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd।



