ইয়াবাসহ গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ জলমনি চাকমা (৪৯) নামে গণঅধিকার পরিষদের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে ইয়াবা উদ্ধারের ঘটনাটি জানায় পুলিশ। একইদিন সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জলমনি চাকমা গণঅধিকার পরিষদের জেলা শাখার সহ-সভাপতি। গ্রেপ্তার অন্যজন হলেন নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)। তিনি বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি ওই এলাকায় ইয়াবা বিক্রি করতে এসেছিলেন। তাদের তল্লাশি করে ইয়াবার পিসগুলো পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ।
পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।



