বাংলাদেশ

বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, ঘটনাটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।

তিনি বলেন, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে বসে অসংলগ্নভাবে কথা বলছেন। ভিডিওতে তাকে মদ্যপানের বিষয়টি স্বীকার করতেও শোনা যায়। একপর্যায়ে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন। পরে তার স্বজনরা বিদ্যালয়ে এসে তাকে বাড়িতে নিয়ে যান।

একজন অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষেই মদ্যপান করে আসছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার দুপুরে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, মানসিক অশান্তির কারণে তিনি মদ্যপান করেছিলেন। সে সময় তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং কী বলেছেন বা কী করেছেন, তা তার মনে নেই। বিদ্যালয়ে ওই অবস্থায় যাওয়াটা ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন জানান, শোকজের জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button