বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তার পরিবারের ওপর দীর্ঘ ১৭ বছর ধরে যে অন্যায়-অত্যাচার হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার প্রশ্ন মায়ের কাছে তুললে তিনি সবসময় দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার পরামর্শ দিতেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে। শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন স্মৃতিচারণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পারিবারিক ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বক্তব্য দেন।

তিনি বলেন, “আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছরে আমাদের ওপর যে অন্যায়-অত্যাচার হয়েছে, তার প্রতিশোধ আমি নেব কি না—তাহলে আমার বিশ্বাস, মা বলতেন প্রতিশোধ নয়, দেশকে এগিয়ে নিতে হবে। আমার ছোট ভাইকেও একই প্রশ্ন করলে সেও একই উত্তর দিত।”

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতিকে বিভক্ত করে কখনোই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও জানান, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবার ত্যাগের যথাযথ মূল্যায়ন করা হবে, তবে তা কাউকে বঞ্চিত করার মাধ্যমে নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। এতে শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button