সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাংলা টিভি ডেস্ক: সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে অগ্রাধিকার দিয়ে স্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে) ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়, প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও মূল বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।



