বাংলাদেশঅপরাধ

জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের মারধরের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে—এমন অভিযোগ তুলে ১১ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশের পাশাপাশি আমিরুল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধর করতে পারলে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। অভিযোগকারীর দাবি, এসব কর্মকাণ্ড তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, জুলাইকে কেন্দ্র করে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তিনি দাবি করেন, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। এ কারণেই তারা আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন।

অন্যদিকে, অভিযুক্তদের একজন আব্দুল্লাহ আল জাবের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগকারীকে তিনি চেনেন না এবং একই মামলার অন্য অভিযুক্তদের সঙ্গেও তার কোনো পরিচয় নেই। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button