আন্তর্জাতিকইন্ডিয়া

‘কল রেকর্ড এবং হোটেলের বিলই পরকীয়া প্রমাণে যথেষ্ট’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্ট পরকীয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। আদালতের মতে, মোবাইল ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিল পরকীয়ার অভিযোগের ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। তাই আদালতের নির্দেশে এসব তথ্য উপস্থাপনে মৌলিক অধিকারের লঙ্ঘন হয় না।

এর আগে ২০১৮ সালে ভারতের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক রায়ে স্বেচ্ছায় পরকীয়ায় জড়ানোকে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দেন। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে আদালত স্পষ্ট করেছেন, বিবাহবিচ্ছেদ বা পারিবারিক বিরোধসংক্রান্ত মামলায় পরকীয়ার অভিযোগ প্রমাণে কল রেকর্ড ও হোটেলের বিল গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে।

বুধবার এক মামলার শুনানিতে বিচারপতি শীর্ষ মনমোহন এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ এ মন্তব্য করেন। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালে রাজস্থানের জয়পুরের এক নারী স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তিনি দাবি করেন, স্বামীর কল রেকর্ড এবং হোটেলের বিল পর্যালোচনা করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

শুনানিতে জানা যায়, অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ওই নারী প্রথমে একটি হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন। তবে মামলা দায়েরের আগেই নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় ফুটেজটি ডেটাবেস থেকে মুছে যায়। এরপর তিনি আদালতের মাধ্যমে স্বামীর কল রেকর্ড ও হোটেলের বিল সংগ্রহের আবেদন করেন। পারিবারিক আদালত এসব তথ্য সিলগালা খামে জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল।

অভিযুক্ত স্বামী দাবি করেন, ব্যক্তিগত কল রেকর্ড ও হোটেলের তথ্য প্রকাশ করা তার গোপনীয়তা ও মৌলিক অধিকারের পরিপন্থী। পরে বিষয়টি উচ্চ আদালত হয়ে সুপ্রিম কোর্টে ওঠে।

শুনানিতে সুপ্রিম কোর্ট ওই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিচারিক প্রয়োজনে এমন তথ্য আদালতে উপস্থাপন করা যেতে পারে এবং পরকীয়ার অভিযোগ মূল্যায়নে এগুলো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। আদালত এ বিষয়ে দিল্লি হাই কোর্টের আগের পর্যবেক্ষণের সঙ্গেও একমত পোষণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button