Uncategorized

ভিএফএস গ্লোবাল ঢাকায় দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করল

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার। এ সময় দক্ষিণ কোরিয়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন কেন্দ্র চালুর ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ কোরিয়ায় যেতে আগ্রহী আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় এসে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, প্রযুক্তিনির্ভর ও নিরাপদ সেবা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করাই নতুন কেন্দ্রটির অন্যতম লক্ষ্য।

প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার বলেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা ভ্রমণকারীদের আবেদন জমা দেওয়ার অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রটি প্রশস্ত, আধুনিক এবং কেন্দ্রীয়ভাবে অবস্থিত হওয়ায় আবেদনকারীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। পাশাপাশি প্রশিক্ষিত গ্রাহকসেবা প্রতিনিধিরা আবেদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

ভিএফএস গ্লোবাল ২০১১ সাল থেকে দক্ষিণ কোরিয়া সরকারের অংশীদার হিসেবে বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়াকরণ সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে সাতটি পৃথক ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ভিসা সেবা পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার, নৈতিকতা এবং টেকসই কার্যক্রমকে তাদের সেবা পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বব্যাপী বর্তমানে ৭১টি সরকারের অংশীদার হিসেবে ১৬৯টি দেশে ৪ হাজার ২০০টির বেশি ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে ভিএফএস গ্লোবাল। ২০০১ সাল থেকে প্রতিষ্ঠানটি ৫৫ কোটি ৭০ লাখেরও বেশি আবেদন প্রক্রিয়াকরণ করেছে বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button