বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যবসায়ীসহ দেশের সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো জ্বালানি সংকট। এ কারণে দেশের অনেক মানুষ কষ্টের মধ্যে রয়েছেন। বিষয়টি সরকার অস্বীকার করছে না।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার এই সংকট মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হলেও ভবিষ্যতে বিশ্বব্যাপী এ ধরনের সংকট তৈরি হলে যাতে বাংলাদেশের মানুষ আবার একই পরিস্থিতির মুখোমুখি না হন, সেভাবেই দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তারেক রহমান বলেন, বিএনপি বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকায় দেশের বিভিন্ন শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ জ্বালানি সংকটে যে ভোগান্তি পোহাচ্ছেন, তার জন্য তিনি এবং দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যার কারণে দেশের মানুষ আজ নানা ধরনের সংকটের মুখে পড়েছেন। তবে এসব বিষয়কে শুধু অজুহাত হিসেবে দেখাতে চায় না বিএনপি সরকার। বরং বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া আলোচনা সভার শুরুতে জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ দলের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শুরু হয় মূল আলোচনা পর্ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের নেতারা অংশ নেন।



