
বাংলা টিভি ডেস্ক: ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে সেই ফুল পাঠিয়েছেন, তা প্রকাশ করেননি পরীমণি। বিষয়টি ঘিরেই মজার মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
রোববার (২৫ অক্টোবর) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি পরীমণির প্রতি শুভকামনা জানানোর পাশাপাশি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে রসিকতাও করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এবারের আয়োজনের মূল অনুষঙ্গ ছিল শিউলি ফুল। জন্মদিনের অনুষ্ঠানের সিঁড়ি সাজানো হয়েছিল এই ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে হাজির হন অভিনেত্রী। জন্মদিনের আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠানোর ঘটনাটি তাই আলোচনায় এসেছে।
জন্মদিনের ফুল নিয়ে পরীমণি নিজেই জানিয়েছেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই তিনি পুরো আয়োজনের পরিকল্পনা করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিউলি ফুল চেয়ে পোস্টও দিয়েছিলেন। পরে চট্টগ্রাম থেকে একজন বিমানে করে ফুল পাঠান। তবে কে ফুল পাঠিয়েছেন, সে পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে দেওয়া পোস্টে পরীমণির প্রশংসা করেছেন জয়।
জয় লেখেন, “আমার কাছে কেন যেন মনে হয় পরীমণি এ সময়ের অন্যতম এক নায়িকা যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান । এবং তাদেরকে সম্মান দেখান। কোন ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য না । কিংবা কাভারেজ এর জন্য না। ব্যক্তিগত সম্পর্ক এর উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।”
এরপরই শিউলি ফুল পাঠানো ব্যক্তিকে নিয়ে রসিকতা করে জয় লেখেন, “কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমণির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দিবেন।”
পোস্টের শেষ দিকে ফুল পাঠানো ব্যক্তির প্রতি মজার ছলে সহানুভূতিও প্রকাশ করেন জয়। তার ভাষায়, “তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।”
জয়ের এই মন্তব্যে জন্মদিনের আয়োজনের সঙ্গে যোগ হয়েছে রসিকতার নতুন মাত্রা। তবে, শিউলি ফুল পাঠানো ব্যক্তির পরিচয় বা তার সঙ্গে পরীমনির সম্পর্ক নিয়ে কোনো নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি আপাতত জন্মদিনের আয়োজন ঘিরে তৈরি হওয়া কৌতূহল ও জয়ের রসিকতাতেই সীমাবদ্ধ।
ব্যতিক্রমী জন্মদিনের আয়োজন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি এবং অভিনয়জীবনের নানা ঘটনা—সব মিলিয়ে পরীমনিকে ঘিরে দর্শকের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো। এবার শিউলি ফুলের আয়োজন আর শাহরিয়ার নাজিম জয়ের রসিক মন্তব্য সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।



