বাংলাদেশ

‘মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর বিষয়ে খুব শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, সাধারণ মানুষ রেল যোগাযোগ চায়। মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়নি; বরং তা প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বোঝা যায়, দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায়, পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ কীভাবে আরও কার্যকর করা যায়—এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই ভালো খবর দিতে পারব।’ বর্তমানে যাতায়াতে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু বা বিকল্প কোনো রুট ব্যবহার করে এ সময় অন্তত তিন ঘণ্টা কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ট্রেনটি চালুর বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে বৈঠকও চলছে বলে জানান তিনি।

এর আগে বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হলে রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, রাজনৈতিক বিষয় আলাদা; এ নিয়ে আজ কথা বলতে চান না।

এদিকে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও জানান দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং সাক্ষাৎ করে তার ভালো লেগেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button