আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশে এসে গরুর মাংসের প্রশংসা করায় তোপের মুখে ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সফরে এসে গরুর মাংস পছন্দের খাবার—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর মন্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয় নেটিজেনদের একাংশ অভিনেতাকে নানা ধরনের কটাক্ষ করছেন। তবে অনেক ভক্ত আবার তাঁর পক্ষেও অবস্থান নিয়েছেন।

সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সফরকালে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের খাবার ও আতিথেয়তার প্রশংসা করেন তিনি। বিশেষ করে গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছ খাওয়ার প্রতি নিজের ভালো লাগার কথা জানান বিশ্বজিৎ।

তবে সাক্ষাৎকারে গরুর মাংস নিয়ে তাঁর মন্তব্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়। অভিনেতা জানান, গরুর মাংস তাঁর অত্যন্ত পছন্দের খাবার এবং ওই রাতেও তা খাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতীয় নেটিজেনদের একাংশ বিশ্বজিতের সমালোচনায় সরব হন। একজন হিন্দু অভিনেতা হিসেবে প্রকাশ্যে গরুর মাংস পছন্দের কথা বলায় তাকে নিয়ে নানা মন্তব্য ও ট্রোল শুরু হয়। কেউ তাকে বাংলাদেশে থেকে যাওয়ার পরামর্শ দেন, আবার কেউ কলকাতায় ফিরলে দেখে নেওয়ার হুমকিও দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সমালোচনার পাশাপাশি অনেক অনুরাগী অভিনেতার ব্যক্তিগত খাদ্যপছন্দের অধিকারের পক্ষেও কথা বলেছেন।

বিতর্কের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইনকে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, এসব মন্তব্যে তিনি মোটেও বিচলিত নন। বরং পুরো বিষয়টি তিনি হাস্যরসের সঙ্গে নিয়েছেন। তাঁর বক্তব্য, তিনি কী খাবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ নেওয়ার অধিকার রাখেন না।

বাংলাদেশ সফর প্রসঙ্গে অভিনেতা জানান, গত ৪ সেপ্টেম্বর এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং পরদিনই ফিরে যান। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়েও কথা বলেছেন বিশ্বজিৎ। তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে আপাতত বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

খাদ্যাভ্যাস ও গরুর মাংস নিয়ে বিতর্কে ভারতীয় তারকাদের জড়ানোর ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং কলকাতার জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ও একই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button