Uncategorized

দৃশ্যমান কাজ নেই কালুরঘাট নতুন সেতুর: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

চট্টগ্রাম ব্যুরো: একনেকে অনুমোদনের দুই বছর এবং প্রধান উপদেষ্টার ভিত্তিপ্রস্তর স্থাপনের দেড় বছর পেরিয়ে গেলেও কালুরঘাট নতুন সেতুর নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম নাগরিক ফোরাম। দ্রুত নির্মাণকাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে সেতুটি চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত একটি স্মারকলিপি ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগমের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ এখনো নকশা সংশোধন, পরামর্শক নিয়োগ ও দরপত্র প্রক্রিয়ার মধ্যেই আটকে আছে। প্রতিশ্রুত সময় অনুযায়ী এখনো কোনো দৃশ্যমান নির্মাণকাজ শুরু হয়নি। এমনকি ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়নি। দীর্ঘসূত্রতায় চট্টগ্রামবাসীর মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়েছে।

সেতু নির্মাণে বিলম্বের কারণে জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চট্টগ্রাম নাগরিক ফোরাম আগামী তিন মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ দৃশ্যমান করা এবং ২০২৯ সালের মধ্যে নতুন সেতু চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাহরিয়ার খালেদ, কামরুল ইসলাম, মিতুল দাশ গুপ্ত, একরাম হোসেন, জাফর ইকবাল, তসলিম খাঁ, আক্তার হোসেন নিজামী, মাসুদ রানা, জসিম উদ্দিন চৌধুরী, রোজী চৌধুরী, আবছার উদ্দিন অলি, আফরোজা সুলতানা পূর্ণিমা, তাহেরা শারমিন, সাবরিনা আফরোজা, অলি আহমদ পিন্টু, ইলিয়াছ রিপন, এ কে আজাদসহ নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button