Uncategorized

প্রবাসী কর্মীদের দ্রুত ব্যাংক হিসাব খোলার নির্দেশ মালদ্বীপ সরকারের

প্রবাসী কর্মীদের দ্রুত ব্যাংক হিসাব খোলার নির্দেশ মালদ্বীপ সরকারের

প্রতিবেদন: সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে কর্মরত বিদেশি শ্রমিকদের নামে দ্রুত ব্যাংক হিসাব খুলতে নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৫ আগস্ট বিদেশি কর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত বিধিমালায় সংশোধনের পর সোমবার এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসায়িক বা বিশেষ ভিসায় গিয়ে তা ওয়ার্ক পারমিটে রূপান্তরের সুযোগও বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মালদ্বীপে কর্মরত বিদেশিদের বেতন এখন থেকে অবশ্যই তাদের নিজ নামে খোলা ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এর জন্য ব্যবহার করতে হবে মালদ্বীপ মনিটারি অথরিটি (এমএমএ) নিবন্ধিত বা অনুমোদিত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান।

স্থানীয় গণমাধ্যম ‘সান নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়, সোমবারের নির্দেশনায় কোনো ধরনের বিলম্ব না করে বিদেশি কর্মীদের নামে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে শ্রম সংক্রান্ত কোনো বিরোধ তদন্তের ক্ষেত্রে, এমএমএ নিবন্ধিত ব্যাংকে জমা দেওয়া বেতনকেই কেবল বৈধ পরিশোধ হিসেবে বিবেচনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, ব্যবসায়িক বা বিশেষ ভিসা ব্যবহার করে ওয়ার্ক পারমিট নেওয়ার সুযোগও বন্ধ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়িক বা বিশেষ ভিসায় প্রবেশ করা বিদেশিদের ওই ভিসা ওয়ার্ক ভিসায় পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না।

মালদ্বীপ সরকার জানিয়েছে, বিপুলসংখ্যক বিদেশি কর্মীর কর্মসংস্থান ও অভিবাসন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যথাযথ কাগজপত্র ছাড়া বসবাস ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button