গ্রাম বাংলাদেশবাংলা

বিষাক্ত কীটনাশক দিয়ে প্রবাসীর ধান পুড়িয়ে দিলো ইব্রাহিম মাতুব্বর

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলায় মেনাজুল আকন নামের এক ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে দক্ষিণ ধূয়াসার এলাকার ইব্রাহিম মাতুব্বরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ধূয়াসার মৌজায় এ ঘটনা ঘটে। শনিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন প্রবাসীর স্ত্রী মিম আক্তার।

ভুক্তভোগী ইব্রাহিম মাতুব্বর দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে। এ ঘটনায় ডাসার থানায় মেনাজুল আকনের স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বালীগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার এলাকায় প্রবাসীর ৬০ শতাংশ ধানের জমিতে ইব্রাহিম মাতুব্বর বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে। পরেরদিন সকালে প্রবাসীর স্ত্রী মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান সমস্ত ধানক্ষেত বিষাক্ত কীটনাশকের প্রভাবে পুড়ে নষ্ট হয়ে গেছে।

প্রবাসীর বৌ মিম আক্তার জানান, ইব্রাহিম মাতুব্বরের সাথে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না এবং তার জমিও তাদের জমির সংলগ্ন নয়। কারো প্রলোভন বা লোভে পড়ে এ ধরনের জঘন্য অপরাধ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​এ ঘটনায় পরে স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button