স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে মানসুরা আক্তার সম্পা (২২) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর সোনারগাঁও এলাকার মামুন শেখের বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত মানসুরা আক্তার সম্পা ওই এলাকার প্রবাসী ইমন শেখের স্ত্রী। তিনি মো. বাবুল চৌকিদার ও দুলালী বেগম দম্পতির মেয়ে। তার সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্পার স্বামী ইমন শেখ দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে মাত্র সাত দিন আগে দেশে ফেরেন। শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে গভীর রাতে বসতঘরের কাঠের আড়ার সঙ্গে লাল রঙের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সম্পা।
পরে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ওড়না কেটে তাকে নিচে নামিয়ে খাটের ওপর রাখেন। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানা পুলিশ জানায়, ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



