বাংলাদেশ

দেশে এত মেধাবী চিকিৎসক, তবু রোগীরা বিদেশে যান কেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও চিকিৎসাসেবা নিতে রোগীদের ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দেশের চিকিৎসকরাই আন্তর্জাতিক মানের সেবা দিতে সক্ষম।

রোববার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে পারলে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমানোর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। এ জন্য জেলা ও প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

বন্ধ্যাত্ব চিকিৎসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে অনেক দম্পতিকে সামাজিক চাপ ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। দেশে এ ধরনের চিকিৎসার সুযোগ ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের জন্য আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জনসংখ্যার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবার পরিধি বাড়ানো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সেমিনারে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button