‘ভয় দেখিয়ে অরাজকতা করে আ.লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না’

মাদারীপুর প্রতিনিধি: “বাংলাদেশে ফ্যাসিস্টদের আবার হুমকি-ধমকি শুরু হয়েছে, প্রশাসনের ওপর আঘাত শুরু হয়েছে এবং আবারও গাড়ি পোড়ানো শুরু হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এসব ভয় দেখিয়ে ও অরাজকতা করে আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।”
বুধবার দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এসব কথা বলেন।
কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছে। এখন আবার যারা এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, দেশের মানুষ তাদের দাঁতভাঙা জবাব দেবে।”
বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক নেতাদের উদ্দেশে খোকন তালুকদার বলেন, “১৭ বছর ধরে রাজপথে যুদ্ধ করেছি আমরা। আমাদের মুরুব্বিরা ও বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। আজকে বিএনপি সরকার গঠনের ছয় মাস হতে না হতেই আপনারা এখনই রাজপথে হুমকি-ধমকি দেওয়া শুরু করেছেন।”
এনসিপি (NCP) নেতাদের উদ্দেশে তিনি বলেন, “এনসিপি নেতারা তারেক রহমানের সম্বন্ধে যেভাবে মন্তব্য করছেন, আমি মনে করি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর কর্মীরা মাঠে না থাকলে আপনাদের বাড়ি থেকে টেনে এনে এই বাংলার মাটিতে পুঁতে ফেলত আওয়ামী লীগ। আজকে জাতীয়তাবাদী দলের কর্মীরা আছে বলেই আপনারা বড় বড় কথা বলার সুযোগ পান, রাস্তায় বড় বড় গলাবাজি করেন। মনে রাখবেন, এই জাতীয়তাবাদী শক্তি যতদিন আছে, আওয়ামী লীগ আর কখনো রাজনৈতিক মাঠে দাঁড়াতে পারবে না।”
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানস



