আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম ও এত আন্দোলনের পরও আমরা অভাব-অনটন থেকে বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আঁকড়ে ধরে রেখেছিল। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে বা ৭ মাসে শেষ হয়ে যাবে—এমনটি মনে করা বা বলা ঠিক হবে না।
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি। শিক্ষাবিস্তার ব্যাহত হয়েছে, যুবকদের চাকরির বয়স চলে গেছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, পরিবার ও দেশকে কিছু দেওয়ার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। এই প্রজন্মের তরুণ-তরুণীরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।’
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ নুরুল আমিন ও স্কুল শাখার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।



