নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) ও একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। প্রথমে তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অহিদ মিয়ার সঙ্গে গ্রামবাসীর বিরোধ চলছিল। সম্প্রতি ওই সড়কের নির্মাণকাজ শেষ হয়। এরই মধ্যে গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমি ভাড়ায় চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও বেড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ট্রাক্টর ভাড়ার ব্যবসায় নিজের একক আধিপত্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া মুসলেম মিয়ার ওপর ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে কয়েকজন লোক ভাড়া করে আনেন বলে অভিযোগ রয়েছে। পরে তার নেতৃত্বে ওই ব্যক্তিরা মুসলেম মিয়ার লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে গুলি ছোড়া হলে মুসলেম মিয়ার পক্ষের ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। এ সময় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা খাতুন জানান, শনিবার রাতে ডান হাতে গুলিবিদ্ধ দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে জানতে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ ছিল। সম্প্রতি গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র হয়।
তিনি জানান, এক পক্ষ নরসিংদীর রায়পুরার মির্জারচর থেকে লোকজন ভাড়া করে এনে হামলা চালায়। সংঘর্ষের সময় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।



