গ্রাম বাংলাদেশবাংলা

কাপড়ের দোকানে মিলল সেই জার্মান পর্যটকের ল্যাপটপ

নাটোর প্রতিনিধি: জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হারিয়ে যাওয়া ল্যাপটপ নাটোর শহরের একটি কাপড়ের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের নিচাবাজার এলাকার নুর ক্লথ স্টোরে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলস্টেশনে অবস্থানকালে ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ, ক্যামেরা ও অন্যান্য সামগ্রীসহ একটি ব্যাগ হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পর হারানো সামগ্রী উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

তথ্য প্রযুক্তির সহায়তায় ল্যাপটপটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে এর অবস্থান নাটোর শহরের নিচাবাজার এলাকার নুর ক্লথ স্টোরে পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাটোর শহরের রসুলের মোড় এলাকার অমল কুমার নাথ এবং তার ছেলে অনুপ কুমার নাথ শহরের নুর ক্লথ স্টোরের কর্মচারী। তারা নওগাঁয় যাওয়ার পথে ট্রেনের মধ্যে ল্যাপটপটি মালিকবিহীন অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে করে নিয়ে যায়। এরপর আজ রোববার নাটোরে এসে দোকানে ল্যাপটপটি নিয়ে যায়। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নূর ক্লথ স্টোর থেকে রাত ১০টার দিকে ল্যাপটপটি উদ্ধার করে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ল্যাপটপটি উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেছি। রোববার রাতে অবস্থান জানতে পেরে নাটোর থানা পুলিশ অভিযান চালিয়ে নুর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয়। হারানো ক্যামেরা উদ্ধারসহ চুরিতে জড়িতদের ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button