মাদরাসার ছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদরাসাছাত্রীদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের সীমান্তে অবস্থিত বিভাগদী ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে মাদরাসা থেকে ফেরার পথে আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করেন রামকান্তপুর এলাকার কয়েকজন যুবক। খবর পেয়ে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই যুবকদের ওপর হামলা চালান। বিষয়টি জানাজানি হলে দুই ইউনিয়নের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।
এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



