দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সাথে ধাক্কায় তরুণের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কায় রোকন ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি পেশায় স্থানীয় ডিস কেবল লাইনের একজন টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন রোকন। পথিমধ্যে শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাহনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়, ফলে মাথায় গুরুতর আঘাত পান রোকন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



