গ্রাম বাংলাদেশবাংলা

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা শিশুটির বাবা জীবিকার তাগিদে গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। এ সময় শিশুটি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

চলতি বছরের ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা শিক্ষক সাইদুর মুন্সী ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তাকে কোলে তুলে বাড়ির দক্ষিণ দুয়ারী টিনের বসতঘরে নিয়ে খাটের ওপর শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

ধর্ষণচেষ্টার মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button