গ্রাম বাংলাদেশবাংলা

জামালপুরে ‘কিশোর গ্যাং লিডার’ কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিশাল (১৫) নামের এক ‘কিশোর গ্যাং লিডার’কে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বুধবার রাতে পৌর শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ এলাকা থেকে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিশালকে গ্রেপ্তার করে।

বিশাল জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মো. ডালিম মিয়ার ছেলে। তিনি জামালপুর শহরে কিশোর গ্যাংয়ের অন্যতম ‘কিংসাইকো’ গ্রুপের লিডার হিসেবে পরিচিত।

জানা গেছে, বিশাল ‘কিংসাইকো’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া চলাফেরা ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রুপটির সদস্যরা দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি অস্ত্র হাতে ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে প্রকাশ করেন। বিভিন্ন সময় তারা শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণির মানুষকে মারধর করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধম্যে প্রকাশ করে। তাদের এসব কর্মকাণ্ডে শহরের মানুষের মাঝে ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে। বুধবার রাতে তাকে শহরের ফৌজদারি মোড়ের বালুর মাঠ থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। সব আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বিশালকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন। বিশাল বর্তমানে কারাগারে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button