বিজ্ঞাপন দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে হাসপাতালে কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের প্রচারণা দেখে ত্বক ফর্সা করার ক্রিম কিনে বিপাকে পড়েছেন ভারতের কেরালার ১৭ বছর বয়সী এক কিশোরী। প্রায় এক বছর ধরে ক্রিমটি ব্যবহারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, ক্রিমে থাকা অতিমাত্রার পারদের কারণে তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুরুতে ক্রিমটি ব্যবহারের পর ত্বকে ইতিবাচক পরিবর্তন দেখতে পান ওই কিশোরী। ব্রণ ও কালো দাগ কমার পাশাপাশি ত্বক উজ্জ্বল হচ্ছে বলে মনে হওয়ায় নিয়মিত এটি ব্যবহার করতে থাকেন। কিন্তু কিছুদিন পর তাঁর শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে।
কিশোরীর ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি বিজ্ঞাপনমূলক ভিডিও দেখে ক্রিমটির প্রতি আগ্রহী হন তিনি। পরে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিক্রেতার কাছ থেকে পণ্যটি সংগ্রহ করেন। একপর্যায়ে হঠাৎ তাঁর রক্তচাপ কমে যায়। পাশাপাশি অজ্ঞান হয়ে যাওয়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের পরীক্ষায় তাঁর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসক নেফ্রোলজিস্ট গৌরী এস জানান, কিশোরীর শরীরে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামের একটি গুরুতর কিডনি রোগ শনাক্ত হয়েছে। এ রোগে কিডনির রক্ত পরিশোধনকারী অংশ ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগের ভিত্তিতে ক্রিমটি পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে। অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশেরও কম।
ঘটনাটি সামনে আসার পর কেরালার রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন একটি মামলা নথিভুক্ত করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্বাস্থ্য ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এ বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে।
পারদযুক্ত প্রসাধনী ব্যবহারে যেসব ঝুঁকি রয়েছে
পারদ অত্যন্ত বিষাক্ত একটি ভারী ধাতু। ত্বকের রঙের জন্য দায়ী মেলানিন উৎপাদন বাধাগ্রস্ত করার কারণে কিছু অবৈধ ফর্সাকারী প্রসাধনীতে এই উপাদান ব্যবহার করা হয়। দীর্ঘদিন এসব পণ্য ব্যবহারে ত্বকের মাধ্যমে পারদ শরীরে প্রবেশ করে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পারদযুক্ত প্রসাধনী ব্যবহারে যেসব স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, সেগুলো হলো—
১. কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া: পারদ কিডনিতে জমে এর স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করতে পারে। প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বের হওয়া এবং গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে।
২. শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া: কিডনির কার্যক্রমে সমস্যা হলে শরীরে তরল ও প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়। ফলে পা, গোড়ালি ও অন্যান্য অংশ ফুলে যেতে পারে।
৩. রক্তচাপের পরিবর্তন: কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরের তরল নিয়ন্ত্রণ ও রক্তচাপ স্বাভাবিক রাখার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
৪. স্নায়ুতন্ত্রের ক্ষতি: দীর্ঘদিন পারদের সংস্পর্শে থাকলে হাত-পা কাঁপা, দুর্বলতা, মনোযোগের ঘাটতি এবং আচরণগত পরিবর্তনের মতো সমস্যা দেখা দিতে পারে।
৫. ত্বকের সমস্যা: ফর্সা হওয়ার পরিবর্তে ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব, ফুসকুড়ি ও অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।
৬. রোগ প্রতিরোধব্যবস্থায় প্রভাব: দীর্ঘমেয়াদি পারদ-সংস্পর্শ শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে প্রভাবিত করতে পারে এবং প্রদাহজনিত সমস্যা তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের সতর্কতা
বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ে ত্বক ফর্সা করার প্রতিশ্রুতি দেওয়া প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন দেখে কিংবা অননুমোদিত অনলাইন বিক্রেতার কাছ থেকে প্রসাধনী কেনার আগে পণ্যের উপাদান ও অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ত্বকের ব্রণ, কালো দাগ কিংবা অন্য কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে বিভিন্ন ক্রিম ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।
সূত্র: এনডিটিভি



