বাংলাদেশ

নারায়ণগঞ্জে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

বাংলা টিভি ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যাত্রীর পরিচয়ে বাসে উঠে দুই যুবক আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাসটির চালক ও হেলপার। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। আগুনে বাসটির বড় একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলা পরিবহণের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে যাত্রা শুরু করে। বাসে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকার কাছ থেকে আরও দুই যুবক বাসটিতে ওঠেন। সাধারণ যাত্রীর মতো তাঁরা বাসের পেছনের আসনে গিয়ে বসেন।

বাসটি মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে তাঁরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

বাসটির হেলপার তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তাঁরা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকার কাছ থেকে দুই যুবক বাসে উঠে পেছনের আসনে বসেন। মৌচাক ইউটার্নের সামনে তাঁরা বাস থেকে নেমে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে অন্য যাত্রীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত বাস থেকে নেমে যান।

এদিকে বাসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায় বলে জানিয়েছেন বাসটির মালিক সিফাত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মহাসড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button