আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চীন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে বাড়তে থাকা সামরিক সহযোগিতাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও সামরিক তথ্য সংগ্রহে চীনের সহায়তা পেলে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন।

জেনারেল সুব্রামানির মতে, চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশটির জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এ ক্ষেত্রে তুরস্কের সহযোগিতাও পেতে পারে ইসলামাবাদ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাকিস্তানের সামনে তৈরি হতে পারে। পাশাপাশি অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণসংক্রান্ত প্রযুক্তিতে চীনের সহায়তা পেলে পাকিস্তানের সামরিক বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ভারতের প্রতিরক্ষা প্রধানের ভাষ্য, আধুনিক নজরদারি ও অবস্থান নির্ণয় প্রযুক্তি সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে পাকিস্তান চীনের সহযোগিতা পেলে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সামরিক কার্যক্রম পরিচালনায় বাড়তি সুবিধা পেতে পারে। তাই ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিন বছরে ৫২ সামরিক উপগ্রহ পাঠানোর পরিকল্পনা ভারতের

পাকিস্তানের সম্ভাব্য সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নিজেদের মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন জেনারেল সুব্রামানি। এ জন্য ভারতের ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স ফেজ-৩’ কর্মসূচি বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে মোট ৫২টি সামরিক উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতের। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি এ প্রকল্পের অনুমোদন দেয়। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়নের কথা রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি। এর আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২১টি উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি উপগ্রহ তৈরির দায়িত্ব দেওয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে।

জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট মহাকাশ প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

চীনের উপগ্রহবিধ্বংসী প্রযুক্তি নিয়েও উদ্বেগ

আলোচনায় চীনের ক্রমবর্ধমান মহাকাশ সামরিক সক্ষমতা নিয়েও সতর্ক করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তাঁর বক্তব্য অনুযায়ী, বেইজিং এমন কিছু উন্নত প্রযুক্তি তৈরি করেছে, যার মাধ্যমে প্রতিপক্ষের উপগ্রহের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা কিংবা সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

চীনের হাতে উপগ্রহবিধ্বংসী ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে বলে ধারণা করা হয়। এসব প্রযুক্তি ব্যবহার করে উপগ্রহ যোগাযোগব্যবস্থা ও নৌচলাচলসংক্রান্ত নেটওয়ার্ক অকার্যকর বা বাধাগ্রস্ত করা সম্ভব হতে পারে।

জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের কৌশল ও ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন আর স্থল, নৌ ও আকাশপথের সামরিক শক্তিই একমাত্র বিবেচ্য নয়। যুদ্ধক্ষেত্রে মহাকাশের নিয়ন্ত্রণ ও আধিপত্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তাঁর মতে, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে মহাকাশ প্রযুক্তি, উন্নত নজরদারি ব্যবস্থা এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে আরও বিনিয়োগ করতে হবে। পরিবর্তিত সামরিক বাস্তবতায় নিজেদের সক্ষমতা ধরে রাখতে এসব খাতে প্রযুক্তিগত অগ্রগতি জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button