আন্তর্জাতিক

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছিলেন তিনি ‘মরেননি’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর। কেউ দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন তিনি। আবার অনেকে বলেন, নেতানিয়াহুর নামে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এমনকি তাঁর মরদেহের ছবি ও ভিডিও বলেও বিভিন্ন ভুয়া দৃশ্য ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

এমন পরিস্থিতিতে নিজেই জনসমক্ষে হাজির হয়ে মৃত্যুর গুজবের জবাব দেন নেতানিয়াহু। জেরুজালেমের একটি কফিশপে বসে কফি পান করার ভিডিও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই হাতের আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছয় আঙুলের অভিযোগেরও জবাব দেওয়ার চেষ্টা করেন।

ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজ, জার্মানির ডয়চে ভেলে এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধকালীন অপপ্রচার, ভুয়া তথ্যের বিস্তার এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

ছয় আঙুলের বিতর্ক থেকে মৃত্যুর গুজব

প্রতিবেদনগুলোতে বলা হয়, গত ১২ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ওই দিন প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কয়েকজন দাবি করেন, সেখানে নেতানিয়াহুর একটি হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। তাঁদের যুক্তি ছিল, মানুষের হাতে পাঁচটি আঙুল থাকে। তাই ভিডিওটি আসল নয়, বরং এআই দিয়ে তৈরি।

এই অভিযোগ থেকেই নেতানিয়াহু মারা গেছেন এবং তাঁর পরিবর্তে কৃত্রিমভাবে তৈরি ভিডিও প্রকাশ করা হচ্ছে—এমন গুজব ছড়িয়ে পড়ে।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট জানায়, ভিডিওতে নেতানিয়াহুর হাতে প্রকৃতপক্ষে ছয়টি আঙুল ছিল না। নিম্নমানের ছবিতে আলোর প্রতিফলন ও হাতের অবস্থানের কারণে তালুর একটি অংশকে অতিরিক্ত আঙুল বলে মনে হয়েছিল। উন্নত মানের ভিডিওতে তাঁর দুই হাতেই পাঁচটি করে আঙুল স্পষ্ট দেখা যায়।

কফিশপে গিয়ে নিজেই দেখালেন হাত

মৃত্যুর গুজব ও ছয় আঙুলের অভিযোগের জবাব দিতে ১৫ মার্চ জেরুজালেমের পাহাড়ি এলাকায় অবস্থিত ‘দ্য সাতাফ’ নামের একটি কফিশপে যান নেতানিয়াহু।

সেখানে কফি পান করার সময় তাঁর এক সহযোগী মৃত্যুর গুজব নিয়ে প্রশ্ন করেন। জবাবে রসিকতার সুরে নেতানিয়াহু বলেন, ‘আমি কফির জন্য পাগল। আমার জনগণের জন্যও পাগল।’

এরপর ক্যামেরার সামনে দুই হাত তুলে ধরেন তিনি, যাতে সবাই তাঁর আঙুল গুনে দেখতে পারেন। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘তারা বলছে আমি কী? দেখে নিন।’

এর মাধ্যমে নিজের মৃত্যুর খবর এবং ছয় আঙুল থাকার অভিযোগ—দুটিই নাকচ করার চেষ্টা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটি সত্যিই জেরুজালেমের কাছের ওই কফিশপে ধারণ করা হয়েছিল। দোকানের ভেতরের সাজসজ্জার সঙ্গে ভিডিওর দৃশ্য মিলিয়ে স্থানটি যাচাই করা হয়। পাশাপাশি কফিশপটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও থেকেও নেতানিয়াহুর সেখানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

কফিশপ কর্তৃপক্ষও প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। তাদের প্রকাশিত ছবিতে নেতানিয়াহু ও তাঁর কর্মকর্তাদের দেখা যায়। ফলে ভিডিওটি অন্য কোনো স্থানে বা পুরোনো সময়ে ধারণ করা হয়েছিল বলে ছড়ানো দাবিগুলোও প্রশ্নের মুখে পড়ে।

কফিশপের ভিডিও নিয়েও শুরু হয় নতুন বিতর্ক

নেতানিয়াহু নিজে ভিডিও প্রকাশ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি। এবার দাবি ওঠে, কফিশপে ধারণ করা ভিডিওটিও এআই দিয়ে তৈরি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি গত ১৬ মার্চ ‘নেতানিয়াহুর নতুন ভিডিও ভুয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভিডিওর কয়েকটি দৃশ্যকে সন্দেহজনক হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি একটি এআই শনাক্তকারী ব্যবস্থার ফলাফলও প্রকাশ করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী গ্রক ব্যবহার করেও অনেকে ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। কিন্তু বিভিন্ন সময়ে গ্রক পরস্পরবিরোধী উত্তর দেয়। কখনো ভিডিওটিকে আসল, আবার কখনো কৃত্রিমভাবে তৈরি বা ডিপফেক বলে উল্লেখ করে।

ভিডিওতে কফির পরিমাণ অপরিবর্তিত থাকা এবং ঠোঁটের নড়াচড়ায় অস্বাভাবিকতা রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

তবে তথ্য যাচাইকারীরা সতর্ক করে বলেন, শুধু এআই শনাক্তকারী সফটওয়্যারের ফলাফলের ভিত্তিতে কোনো ভিডিওকে ভুয়া বলা যায় না। এসব প্রযুক্তি সম্ভাব্য অসংগতি শনাক্ত করলেও সেগুলো সব সময় কৃত্রিমভাবে তৈরি হওয়ার প্রমাণ নয়।

ইউরোনিউজের তথ্য যাচাইকারী দলের সঙ্গে কথা বলতে গিয়ে বিশেষজ্ঞ তাল হাগিন জানান, এ ধরনের সফটওয়্যার অনেক সময় পরিসংখ্যানগত স্বাভাবিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। একজন মানুষ অস্বাভাবিক ভঙ্গিতে হাত রাখলেও সেটিকে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করতে পারে কোনো কোনো ব্যবস্থা।

তাঁর মতে, কোনো ভিডিওর সত্যতা নির্ধারণে বাস্তব প্রমাণ, প্রেক্ষাপট ও অন্যান্য নির্ভরযোগ্য তথ্য যাচাই করা জরুরি। শুধু এআই শনাক্তকারী ব্যবস্থার ফলাফলকে চূড়ান্ত প্রমাণ হিসেবে নেওয়া উচিত নয়।

পুরোনো ভিডিও বলে চালানোর চেষ্টাও

কফিশপের ভিডিও নিয়ে আরেকটি দাবি ছড়িয়ে পড়ে। কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বলা হয়, ভিডিওতে নেতানিয়াহুর নিরাপত্তারক্ষীদের মুখে মাস্ক দেখা যাচ্ছে। তাই এটি করোনা মহামারির সময় ধারণ করা পুরোনো ভিডিও।

তবে অনুসন্ধানে এ দাবিরও ভিত্তি পাওয়া যায়নি। ইসরাইলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকা শিন বেতের বিশেষ নিরাপত্তা ইউনিটের সদস্যরা পরিচয় গোপন রাখার জন্য আগে থেকেই মুখে মাস্ক ব্যবহার করে আসছেন। তাই নিরাপত্তারক্ষীদের মাস্ক পরা ভিডিওটি পুরোনো হওয়ার প্রমাণ নয়।

এ ছাড়া ভিডিওতে থাকা একটি রসিদের তারিখ ২০২৪ সাল বলে দাবি করা হয়েছিল। কিন্তু উন্নত মানের ভিডিও পরীক্ষা করে সেখানে ২০২৬ সালের ১৫ মার্চ তারিখ দেখা যায়। নিম্নমানের ভিডিও থেকে তারিখ ভুল পড়ার কারণেও বিভ্রান্তি তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট জানিয়েছিল, ভিডিওটির দৃশ্য ও শব্দ পরীক্ষা করে কৃত্রিম ভিডিও শনাক্তকারী প্রতিষ্ঠান গেটরিয়াল সিকিউরিটি। তাদের বিশ্লেষণে ভিডিওটি এআই দিয়ে তৈরি কিংবা পরিবর্তন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্য ইসরাইলি কর্মকর্তাদের নিয়েও মৃত্যুর গুজব

যুদ্ধ চলাকালে শুধু নেতানিয়াহুকে নয়, ইসরাইলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়েও মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়ার মৃত্যুর দাবিও ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবির পক্ষে একটি ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তবে পরে দেখা যায়, সেটি ২০২৪ সালের আগস্টে তেল আবিবে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার পরের দৃশ্য। ওই হামলার দায়ও স্বীকার করেছিল ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। ফলে ভিডিওটির সঙ্গে মোসাদপ্রধানের মৃত্যুর কোনো সম্পর্ক ছিল না।

যুদ্ধের সময়ে কেন বাড়ছে ভুয়া তথ্যের বিস্তার

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় তথ্য ও প্রচারণাকে প্রতিপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা নতুন নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং এআই প্রযুক্তির সহজলভ্যতা এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিবিসি ভেরিফাইয়ের সাংবাদিক থমাস কোপল্যান্ড বিবিসির ‘দ্য গ্লোবাল স্টোরি’ অনুষ্ঠানে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও তৈরির পেছনে আর্থিক স্বার্থও কাজ করে। যুদ্ধের বিষয়ে ব্যক্তিগত কোনো অবস্থান না থাকলেও শুধু বেশি দর্শক, অনুসারী ও আয় পাওয়ার আশায় অনেকে এ ধরনের ভিডিও তৈরি করেন।

ফলে একটি মিথ্যা তথ্য খুব অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের আগেই সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে সঠিক তথ্য প্রকাশ করা হলেও অনেকে তা বিশ্বাস করতে চান না।

বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধকালীন অপপ্রচারের মূল উদ্দেশ্য সাধারণত প্রতিপক্ষকে দুর্বল হিসেবে তুলে ধরা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং নিজেদের পক্ষে জনমত তৈরি করা। আগে এসব প্রচারণার জন্য ছবি ও লিখিত তথ্য ব্যবহার করা হলেও বর্তমানে এআই দিয়ে তৈরি বাস্তবসম্মত ছবি ও ভিডিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

নেতানিয়াহুর মৃত্যুর গুজবের ঘটনাটি আবারও দেখিয়েছে, যুদ্ধের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি, ভিডিও কিংবা খবর যাচাই না করে বিশ্বাস করা কতটা বিভ্রান্তিকর হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button