বাংলাদেশ

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের একটি পাঞ্জেগানা মসজিদে এশার আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন ইমাম ও খতিব মো. আমিনুল ইসলাম (৪৮)। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোপিনাথপুর কাজীবাড়ি এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে মো. আমিনুল ইসলাম দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে তিনি কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি এশার নামাজের জন্য আজান দিচ্ছিলেন। আজানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রোববার (১২ জুলাই) বাদ জোহর কণ্ঠনগর গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজানরত অবস্থায় একজন ইমামের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button