হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি এ হামলার জন্য ইরানকে দায়ী করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (১৩ জুলাই) ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির দুটি জাতীয় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত নাবিক ভারতের নাগরিক। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
ইউএইর ভাষ্য অনুযায়ী, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।
অন্যদিকে, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট দুটি ট্যাংকার সতর্কবার্তা উপেক্ষা করে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং মাইন পাতা একটি রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ কারণেই জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করে আইআরজিসি।
এ ছাড়া আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ‘আগ্রাসী শত্রুকে’ সহযোগিতা করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তাদের বক্তব্য।
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার করে পরিবাহিত সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ শুল্ক আরোপ করবে।
রোববার রাতের পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



