বাংলাদেশ

সায়েন্সল্যাব অবরোধে অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট

বাংলা টিভি ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ধানমন্ডি ও নিউমার্কেট এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের কারণে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং বিপরীতমুখী উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হলেও পরে অন্য শিক্ষক ও উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button