খেলাধুলাফুটবল

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন ২ যুবক

বাংলা টিভি ডেস্ক: ফুটবল উন্মাদনা যেন থামছেই না। এবার বিশ্বকাপের শেষে মুহূর্তে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন দুই যুবক।

আর এ দলবদলকে স্মরণীয় করে রাখতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

দলবদলকারী ওই দুই যুবক হলেন- রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী এবং ওহিদুল শেখ।

স্থানীয়রা জানান, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিলের ভক্ত। তবে চলতি বিশ্বকাপ সেমিফাইনালে লিওনেল মেসির অসাধারণ খেলা তাদের মন জয় করে নেয়। মেসির ফুটবল শৈলীতে মুগ্ধ হয়ে তারা ব্রাজিল দলের মায়া ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সকালে টুকু বাজারে তারা ১০ লিটার দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন ব্রাজিলের সমর্থক হিসেবে অতীত ধুয়ে-মুছে তারা এখন ‘খাঁটি’ আর্জেন্টিনার সমর্থক।

ভক্ত হাসিব মুন্সী বলেন, ‘আমরা ছোটোবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এক কথায় অবিশ্বাস্য। মেসির এ ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না।

“তাই আমরা সিদ্ধান্ত নেই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে এখন থেকে আর্জেন্টিনা দলকে সমর্থন করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।”

আরেক ভক্ত ওহিদুল শেখ বলেন, “ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা দলে আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের ক্ষ্যাপাবে জানি। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না।

“মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।”

দুধ দিয়ে গোসল করে দলবদলের খবর এলাকায় ছড়ালে টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এ দৃশ্য মোবাইলে ধারণ করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button