চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদকসহ আটক

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে স্থানীয়রা পুলিশে না দিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে ওই যুবককে আবার আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। আটক যুবকের নাম মো. করিম। তিনি ওই ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন ও একটি নারীদের ব্যাগ চুরির অভিযোগে করিমকে আটক করা হয়। পরে তার পারিবারিক ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে সতর্ক করে দেন। ভবিষ্যতে আর কোনো ধরনের অপরাধে জড়াবেন না—এমন প্রতিশ্রুতি নেওয়ার পাশাপাশি শাস্তি হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় ও তওবা করতে বলা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে মুক্তির কয়েক ঘণ্টা পরই রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে করিমকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় যুবক ইকবাল হোসেন বলেন, করিম ভালো হওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবারও তিনি অপরাধের অভিযোগে আটক হয়েছেন। তিনি বলেন, নিজের ইচ্ছা ছাড়া কাউকে পরিবর্তন করা কঠিন।
আরেক স্থানীয় বাসিন্দা তৌহিদুল আনোয়ার বলেন, করিমের পরিস্থিতি বিবেচনা করে শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাটি দুঃখজনকভাবে ভিন্ন দিকে গড়িয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, চুরির অভিযোগে স্থানীয়রা করিমকে আটক করেছিলেন এবং পরে নামাজ আদায় ও তওবা করিয়ে ছেড়ে দেন। পরবর্তীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।



