পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। পাসপোর্টের নতুন নকশায় জলছাপ হিসেবে তাদের ছবি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাধারণ পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
নতুন নকশা অনুযায়ী, ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় জলছাপ হিসেবে থাকবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি।
এছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো স্থাপনা।
দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে জলছাপে যুক্ত করা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির দৃশ্য। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, ইলিশ মাছ, কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-এর চিত্রও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের মতোই ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য এর বৈধতার বিষয়টি বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।



