‘মেয়েরা শালীনভাবে চলবে, মাথায় রাখবে পর্দা’ পুরনো বক্তব্য ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: সম্প্রতি এক তরুণীর সঙ্গে কথিত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার মধ্যেই নারীদের পোশাক ও চলাফেরা নিয়ে তার পূর্বের একটি বক্তব্য নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে গাজী নজরুল ইসলাম নারীদের শালীন পোশাক পরিধান এবং মাথায় ওড়না বা পর্দা রাখার আহ্বান জানান। তিনি বলেন, নারীরা যেন এমনভাবে চলাফেরা করেন যাতে তাদের দেহ অনাবৃত না থাকে। তার ভাষ্য অনুযায়ী, ইসলামের দৃষ্টিতে শালীনতা বজায় রাখা গুরুত্বপূর্ণ।
এ ছাড়া তিনি বলেন, নারীরা সব ধরনের কাজ করতে পারেন। তবে দূরে কোথাও গেলে রক্তের সম্পর্কের কোনো আত্মীয়কে সঙ্গে রাখা উচিত। তার মতে, পুরুষ আত্মীয় হলে ভালো, তবে প্রয়োজনে নারী আত্মীয়ও সঙ্গে থাকতে পারেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে দেখা যায়। ফুটেজে তাকে কখনো মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার দাবি করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



