নেশার টাকার জন্য ভাগ্নের শখের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে নিজের ভাগ্নের শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী থেকে চুরি হওয়া প্রায় ২২ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরদিন রোববার (১৯ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীর তার বোন মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে যান। রাতের কোনো একসময় পরিবারের অজান্তে তিনি ভাগ্নের ব্যবহৃত শখের বাইসাইকেলটি নিয়ে চলে যান। পরে মরিয়ম খাতুন জানতে পারেন, মাদক কেনার টাকা সংগ্রহের জন্য তার ভাই বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রির চেষ্টা করছেন। এ ঘটনায় শনিবার রাতে তিনি লালপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঈশ্বরদী শহরের একটি বাড়ি থেকে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেছেন যে, মাদকের টাকা জোগাড়ের উদ্দেশ্যেই তিনি ভাগ্নের বাইসাইকেলটি চুরি করেছিলেন এবং সেটি ঈশ্বরদীতে বিক্রির চেষ্টা করছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাইসাইকেলটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



