আন্তর্জাতিক

মেসি কি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে চলেছেন?

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলের পর রাজনীতিতেও কি দেখা যাবে লিওনেল মেসিকে? এমন একটি দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক ভূরাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকার।

কানাডীয় শিক্ষাবিদ ও নিজেকে ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচয় দেওয়া প্রফেসর জিয়াং সম্প্রতি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজি (স্নিকো)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তার দাবি, ভবিষ্যতে মেসি রাজনীতিতে যোগ দিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হতে পারেন।

প্রফেসর জিয়াং বলেন, তিনি গেম থিওরির মাধ্যমে বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং অতীতেও বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। তবে তার এসব দাবি বা পূর্বাভাস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তিনি আরও দাবি করেন, মেসি যদি একদিন প্রেসিডেন্ট হন, তাহলে তিনি প্রায় দুই দশক ক্ষমতায় থাকতে পারেন এবং তার শাসনামলে আর্জেন্টিনার জন্য কিছু নেতিবাচক সিদ্ধান্তও আসতে পারে।

একই সঙ্গে প্রফেসর জিয়াং মন্তব্য করেন, বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারেন। তবে এসব মন্তব্য সম্পূর্ণই তার ব্যক্তিগত বিশ্লেষণ ও পূর্বাভাস; এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button