রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের প্রক্রিয়া নিয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পর রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
সূত্রের বরাতে জানা যায়, স্পিকার দেশে ফেরার পর রাষ্ট্রপতির পদত্যাগপত্র কখন এবং কীভাবে তার কাছে পৌঁছানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে নিজের স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনে দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, ২০২৮ সালের এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দেশ বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তার মেয়াদকালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া স্বল্প সময়ের মধ্যে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর কারণে তিনি দেশের ইতিহাসে একটি বিশেষ নজিরও তৈরি করেছেন।



