বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন নিজের ছেলে

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখতে পান পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়া। হৃদয়বিদারক এ ঘটনায় তিনি ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়ার ছেলে। তাদের বাড়ি নেত্রকোনা জেলা সদরে। তুহিন স্থানীয় গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয় তুহিন। জনতা স্কুল রোড এলাকায় পৌঁছালে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে অন্যান্য সদস্যদের সঙ্গে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। সেখানে গিয়ে নিহত শিশুটির মরদেহ দেখে তিনি বুঝতে পারেন, সেটি তার নিজের ছেলে। এ দৃশ্য দেখে উপস্থিত সহকর্মী ও স্থানীয়রাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে কনস্টেবল সামসুল ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে সেখানে গিয়ে জানতে পারেন নিহত শিশুটি তারই সন্তান। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

তিনি আরও জানান, মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button