বাংলাদেশ

মেঘনায় স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় প্রতিবেশী এক ভাগনিকে বিয়ে করার অভিযোগে আলোচনায় এসেছেন যুবদল নেতা আরিফ প্রধান। এ ঘটনায় প্রথম স্ত্রীর করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া আরিফ প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, প্রথম সংসার ও দুই সন্তান থাকা সত্ত্বেও আরিফ প্রধান প্রতিবেশী এক ভাগনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে তাকে বিয়ে করেন। পরে তার প্রথম স্ত্রী লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button