বাংলাদেশ

বাবার জানাজা শেষ করতেই এল মেয়ের মৃত্যুর সংবাদ

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে একই দিনে বাবা ও মেয়েকে হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন তুজাম উদ্দিন। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে বাবার জানাজা শেষে মেয়ের জানাজাতেও অংশ নিতে হয়েছে তাকে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দৌলতপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যান। শনিবার সকাল ১০টার দিকে মানিকদিয়া কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়ি ফেরার পথে জানতে পারেন, ফুলবাস আলীর নাতনি ও তুজাম উদ্দিনের মেয়ে মুন্নি খাতুন (২৩) মারা গেছেন।

স্বজনরা জানান, শুক্রবার রাতে দাদার মৃত্যুতে শোকাহত হয়ে মরদেহের পাশে বসে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েন মুন্নি। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

তুজাম উদ্দিন বলেন, বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথেই মেয়ের মৃত্যুর খবর পান তিনি। একই দিনে বাবা ও মেয়েকে হারিয়ে তিনি শোকাহত হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে মুন্নির বিয়ে হয়। কয়েক দিন ধরে তিনি টাইফয়েডে ভুগছিলেন এবং আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। শনিবার বিকেলে মানিকদিয়া কবরস্থানে দাদা ফুলবাস আলীর কবরের পাশেই মুন্নির দাফন সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button