
বাংলা টিভি ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির ছাদে টবে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার অংকন দে মুলাইপত্তন এলাকার মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অংকন দের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে গাছগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের দাবি, অংকন দে একসময় বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ইয়াবাসংক্রান্ত একটি ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



