১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

বাংলা টিভি ডেস্ক: ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসারে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক নিবন্ধনে কত টাকা লাগবে
সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। এরপর চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।
কোথায় নিবন্ধন করা যাবে
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ নিজস্ব ইউজার তৈরি করে নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি মাধ্যমে হজযাত্রীরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট প্রোফাইলে পাওয়া যাবে।
কারা হজে যেতে পারবেন না
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না।
এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি-সংক্রান্ত জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ—যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যাওয়ার অনুমতি পাবেন না।
এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যগত ফিটনেস সনদ পাবেন না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন বাধ্যতামূলক। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।



