
বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কথিত ‘পাথর বাবা’ নামে পরিচিত এক ব্যক্তিসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন সদৃশ পাউডার এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) গভীর রাতে সদর উপজেলার কলাইয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কলাইয়া গ্রামের মজিবুর রহমান ওরফে ‘পাথর শাহ’ (৫৫), আব্দুল হাই (৪৭), জুবায়ের (২৮) এবং দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের আক্কাস মিয়া (৩২)।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে ‘পাথর শাহ’ বা ‘পাথর বাবা’ পরিচয়ে এলাকায় পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ধর্মীয় বা আধ্যাত্মিক আবহ তৈরি করে নিজের কার্যক্রম পরিচালনা করতেন এবং সেখানে মাদক সেবন ও বেচাকেনা চলত। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ পাওয়ার পরও আগের অভিযানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাত এড়িয়ে যান।
পুলিশের ভাষ্য, সর্বশেষ অভিযানে একজন সদস্যকে ক্রেতা সেজে সেখানে পাঠানো হয়। পরে মাদক লেনদেনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের মাদক ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, অভিযুক্ত ব্যক্তি ‘পাথর শাহ’ নামে পরিচিত হয়ে তার কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করতেন। দীর্ঘদিন নজরদারির পর বিশেষ অভিযানে তাকে ও তার সহযোগীদের আটক করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।



