বাংলাদেশঅপরাধ

রাজধানীর মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। গুলিবিদ্ধ করিম মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকাতেই বসবাস করেন। রাতে তিনি করিমকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। দোকান থেকে কয়েল কেনার পর করিম তার বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ির পথে ফিরছিল।

এ সময় আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে অন্ধকারের মধ্যে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে করিমের দুই পায়ে গুলি লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করা হয়। অন্য পায়ের গুলিটি ঘটনাস্থলেই বের হয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনার বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button