দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দোকানের ভেতরের আবাসিক অংশে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে আহত একজনকে উদ্ধার করে কোমানির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, নিহত সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এর আগে ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুনে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।



