বাংলাদেশ

ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার জুবায়ের

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তির হেনস্তা, অশালীন আচরণ এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

অভিযোগ অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে পরিবাগ এলাকার একটি ফুটওভার ব্রিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম তথ্য সংগ্রহের কাজে গেলে তৃতীয় লিঙ্গের পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় এ বি জুবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সহায়তার চেষ্টা করেন।

জুবায়ের জানান, ঘটনাস্থলে যাওয়ার আগে তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবহিত করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করে।

তার দাবি, ঘটনাকালে তাকে ও তার সহকর্মীকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিওর একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ডাকসুর এই নেতা।

এদিকে, শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ঘটনায় ডাকসু নেতা এ বি জুবায়েরের সহায়তায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তবে ঘটনার অন্যান্য অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button