বাংলাদেশ

ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা যুবক। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন। এরপর মুসলিম রীতিতে নাজমিন আক্তার লিজা (২০)-এর সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নাজমিন আক্তার লিজা নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা এবং মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. নাজিম উদ্দিন একজন ফার্নিচার ব্যবসায়ী। অন্যদিকে, বর ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি নিজ দেশে ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। কথোপকথনের একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয় এবং পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সম্মতির পর গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন সুলিন। এরপর ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অ্যাফিডেভিটের মাধ্যমে আইনগতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। আগামী ৩১ জুলাই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছে কনের পরিবার।

সম্প্রতি বিদেশি পাত্রকে কেন্দ্র করে প্রতারণার কিছু ঘটনা সামনে আসায় শুরু থেকেই সতর্ক ছিল কনের পরিবার। লিজার বাবা জানান, ছেলের পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের পাশাপাশি চীনা দূতাবাস থেকেও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও জানানো হয়েছে এবং নবদম্পতির সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে। প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে লিজাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

চীনা জামাইকে ঘিরে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিনই স্থানীয় বাসিন্দারা তাকে একনজর দেখতে এবং ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, শুরুতে বিদেশি পাত্র নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও পরিবারের সতর্ক যাচাই-বাছাইয়ের পর সেই উদ্বেগ কেটে গেছে। এলাকাবাসী নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button